বাংলাদেশ সময় আগামী রোববার দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ২০২৬ এর ফাইনালে মুখোমুখি হতে চলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত দুটো দলই ধারাবাহিকভাবে ভালো খেলে ফাইনালে উঠেছে।
একদিকে ৩৯ বছর বয়সী মেসির ক্যারিয়ারের শেষপ্রান্তে দাঁড়িয়ে নিজের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন, অন্যদিকে ১৯ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের ইতিহাস লেখার ইচ্ছা। তবে ফাইনালের আগে উঠে এসেছে একাধিক আলোচনা।
বিশ্বকাপে ফিফা র্যাংকিংয়ে প্রথম অবস্থানে থেকে শুরু করা কোনো দল আজ অবধি বিশ্বকাপ জেতেনি, এই খবর পুরনো। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে আলোচনায় আছে আর্জেন্টিনা, কারণ ২০২৬ বিশ্বকাপে তারাই র্যাংকিংয়ে প্রথম অবস্থানে থেকে শুরু করেছে।
নতুনভাবে আলোচনায় উঠে এসেছে আরেকটি বিষয়, যা আবার ইঙ্গিত করছে স্পেনের পরাজয়ের দিকেই। সেটি হচ্ছে বিশ্বকাপের ইতিহাসে আজ পর্যন্ত কোনো দল ‘সম্পূর্ণ টাকমাথা’ কোনো কোচের অধীনে বিশ্বকাপ জেতেনি।
সেই ১৯৩০ সাল থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত মোট ২২টি বিশ্বকাপ আসরে বিশ্বকাপ জয়ী টাকমাথা কোচের দিকে তাকালে মাত্র তিনটি নাম খুঁজে পাওয়া যায়। একজন ১৯৬৬ সালের ইংল্যান্ড জাতীয় দলের বিশ্বকাপ জয়ী কোচ স্যার আলফ র্যামসি। দ্বিতীয়জন ২০০২ ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ লুই ফেলিসে স্কলারি এবং তৃতীয়জন হলেন ২০১০ সালে স্পেনের বিশ্বকাপ জয়ী দলের কোচ ভিসেন্তে দেল বস্ক। অন্য সব বিশ্বকাপজয়ী কোচের মাথাতেই চুল ছিল।
কিন্তু তাদের তিনজনেরই মাথার সামনের অংশ পাতলা হলেও কেউই পুরো টাকমাথা ছিলেন না। এবারের বিশ্বকাপ ফাইনালে ওঠা আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে পুরোপুরি টাকমাথা। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে আবারও মজার আলোচনা শুরু হয়েছে।
তবে দে লা ফুয়েন্তে এই টাকমাথার অভিশাপ কাটিয়ে স্পেনকে তাদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপাটি এনে দিতে পারবেন কিনা তা আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালেই দেখা যাবে।
আরএএইচইউএল/আইএইচএস/








