বিশ্বকাপে প্রতিটি ফুটবলারের স্বপ্ন থাকে মাঠে নেমে দেশের জার্সিতে নিজেকে প্রমাণ করার। তবে সেই সুযোগ সবার ভাগ্যে সমানভাবে জোটে না। ২০২৬ বিশ্বকাপে সীমিত সময় খেলে কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার নিকো পাজ। সেই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন সতীর্থ ও তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।

আলভারেজ জানিয়েছেন, নিকো পাজের হতাশা তিনি খুব ভালোভাবেই বুঝতে পারেন, কারণ ক্যারিয়ারের শুরুর দিকে তিনিও একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন।

‘আমি নিকোর সঙ্গে কথা বলেছি, কারণ আমিও একসময় এমন পরিস্থিতির মধ্যে ছিলাম। কঠোর পরিশ্রম করার পরও প্রত্যাশামতো খেলার সুযোগ না পেলে খুবই হতাশ লাগে। কিন্তু এটাই ফুটবলের অংশ, বিশেষ করে এমন একটি জাতীয় দলে যেখানে প্রতিটি পজিশনে দারুণ মানের খেলোয়াড় রয়েছে।’

আর্জেন্টাইন এই স্ট্রাইকার শুধু সান্ত্বনাই দেননি, পুরো টুর্নামেন্টজুড়ে নিকো পাজের পেশাদার মানসিকতারও ভূয়সী প্রশংসা করেছেন। ‘যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, তা হলো তার মানসিকতা। সে কখনও অনুশীলনে অবহেলা করেনি, কখনও অভিযোগ করেনি এবং সবসময় দলের জন্য প্রস্তুত ছিল।’

সাবেক রিয়াল মাদ্রিদ একাডেমির এই মিডফিল্ডারকে ভবিষ্যতের অন্যতম ভরসা হিসেবেও দেখছেন আলভারেজ। ‘সে এখনও অনেক তরুণ। আমি নিশ্চিত, এই অভিজ্ঞতা তাকে আরও শক্তিশালী করে তুলবে। আর্জেন্টিনা জাতীয় দলে তার সময় অবশ্যই আসবে।’

বিশ্বকাপে সীমিত সুযোগ পেলেও নিকো পাজের প্রতিভা নিয়ে আর্জেন্টিনা শিবিরে কোনো সন্দেহ নেই। আর অভিজ্ঞ সতীর্থ হুলিয়ান আলভারেজের এমন সমর্থন নিঃসন্দেহে তরুণ এই মিডফিল্ডারের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।

আরআর/আইএইচএস/