২০২৬ ব্যালন ডি’অর জয়ের দৌড় থেকে কিলিয়ান এমবাপে কার্যত ছিটকে গেছেন বলে মনে করেন সাবেক ফরাসি ফুটবলার জেরেমি আলিয়াদিয়ের। তার মতে, বিশ্বকাপে ফ্রান্সের সেমিফাইনাল থেকে বিদায় এমবাপের সেই স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে। অন্যদিকে, আর্জেন্টিনাকে আবারও বিশ্বকাপের ফাইনালে তুলেছেন লিওনেল মেসি, যা তাকে নবম ব্যালন ডি’অরের অন্যতম প্রধান দাবিদারে পরিণত করেছে।

ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এমবাপে এখনও পর্যন্ত ব্যালন ডি’অর জিততে পারেননি। ফলে এই ব্যক্তিগত সর্বোচ্চ সম্মানের জন্য তাকে অন্তত আরও এক বছর অপেক্ষা করতে হতে পারে।

রিয়াল মাদ্রিদের এই তারকা উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন। সেমিফাইনাল পর্যন্ত যাত্রায় আট গোল করে তিনি আবারও নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রমাণ করেন।

তবে স্পেনের কাছে সেমিফাইনালে হারের ফলে আরেকটি আন্তর্জাতিক শিরোপার সুযোগ হাতছাড়া হয় তার। ক্লাব পর্যায়েও ২০২৫-২৬ মৌসুমটি হতাশাজনক ছিল। কারণ, রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয় মৌসুমের মতো কোনো বড় শিরোপা জিততে পারেনি।

ব্যালন ডি’অর জিততে হলে সাধারণত চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপ বা ইউরোর মতো বড় শিরোপা জেতা প্রয়োজন। আর সেই কারণেই এমবাপের সম্ভাবনা অনেকটাই কমে গেছে।

অন্যদিকে, আর্জেন্টিনাকে আবারও বিশ্বকাপের ফাইনালে তুলেছেন লিওনেল মেসি। টুর্নামেন্টে তার গোলসংখ্যাও আট। বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে পারলে এবং ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখাতে পারলে নবম ব্যালন ডি’অরও তার হাতে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বেটিনিয়া এনজের সহযোগিতায় গোল ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়াদিয়ের বলেন, ‘হ্যাঁ, আমারও তাই মনে হয়। যদি রিয়াল মাদ্রিদের হয়ে সে দুর্দান্ত একটি বছর কাটাত এবং বড় কোনো শিরোপা জিতত, তাহলে হয়তো এখনও দৌড়ে থাকত। কিন্তু রিয়ালের হয়ে কিছুই না জেতায় সেটা কঠিন হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে এমবাপের মৌসুম অসাধারণ ছিল। সে অবিশ্বাস্য সংখ্যক গোল করেছে এবং মৌসুমের বেশিরভাগ সময় দলকে টেনে নিয়েছে। কিন্তু ব্যালন ডি’অর জিততে হলে শুধু ব্যক্তিগত পারফরম্যান্স যথেষ্ট নয়। চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপ বা ইউরোর মতো বড় শিরোপা জিততে হয়।’

আলিয়াদিয়েরের ভাষায়, ‘যেহেতু সে তা করতে পারেনি, তাই আমি তাকে ব্যালন ডি’অর জিততে দেখছি না। ইংল্যান্ড যদি বিশ্বকাপ জিতত, তাহলে হ্যারি কেইনেরও ভালো সুযোগ থাকত। কিন্তু তার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।’

মেসিকে নিয়েও নিজের মত স্পষ্ট করেন তিনি। বলেন, ‘আমার মনে হয়, ব্যালন ডি’অর আর্জেন্টিনারই কোনো খেলোয়াড় জিতবে। যদি মেসি আবারও বিশ্বকাপ জেতে, তাহলে তার বয়স এবং বিশ্বকাপে তার পারফরম্যান্স দেখে সবাই মুগ্ধ হবে। তখন হয়তো অনেকে ভুলেই যাবে যে সে ইন্টার মিয়ামির হয়ে মেজর লিগ সকারে খেলছে।’

এর আগে সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার ও বিশ্বকাপজয়ী ক্লেবারসনও গোল ডটকমকে বলেছিলেন, মেসি আবারও ব্যালন ডি’অর জিততে পারেন।

তিনি বলেন, ‘অবিশ্বাস্য! লোকটা যেন থামতেই জানে না। মেসিকে নিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি, কারণ সে এখনও অসাধারণ মানের ফুটবল খেলছে।’

ক্লেবারসন আরও বলেন, ‘রোনালদোর পরিস্থিতি ভিন্ন। সেও ভালো খেলছে, কিন্তু তার চারপাশের খেলোয়াড় আর মেসির আর্জেন্টিনা দলের মধ্যে বড় পার্থক্য রয়েছে। আর্জেন্টিনার খেলোয়াড়দের মান ও সমন্বয় আলাদা। তাই মেসির সুযোগও অনেক বেশি।’

তার ভাষায়, ‘যদি মেসি বিশ্বকাপ জিতে, তাহলে শতভাগ নিশ্চিতভাবে সে আবারও ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হবে। সে অসাধারণ। এমনকি ব্রাজিলের খেলোয়াড় ও সমর্থকরাও চায়, এমন আনন্দদায়ক ফুটবলাররা ব্যালন ডি’অর ও বিশ্বকাপ জিতুক। মেসি তাদেরই একজন।’

আরএএইচইউএল/আইএইচএস/