বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে ছড়িয়ে পড়েছিল এক আবেগঘন গুঞ্জন- কাতার বিশ্বকাপের নায়ক আনহেল ডি মারিয়া নাকি যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ ট্রফি হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেবেন। খবরটি সমর্থকদের মধ্যে দারুণ উচ্ছ্বাস তৈরি করলেও শেষ পর্যন্ত নিজেই সেই জল্পনায় ইতি টেনেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে কারণটি ফুটবলীয় নয়, বরং একেবারেই ব্যক্তিগত- কুসংস্কার।

আর্জেন্টিনার অভিনেতা নিকো ভাসকেজ অভিনীত নাটক রকি দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ডি মারিয়া। তখন তাকে জিজ্ঞেস করা হয়, তিনি কি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল দেখতে যাবেন?

হাসতে হাসতেই জবাব দেন তিনি, ‘না! তুমি কি পাগল নাকি?’ এরপর নিজের সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেন ২০২২ বিশ্বকাপ ফাইনালের নায়ক। ‘আমি যাইনি, এবারও যাচ্ছি না। আমি অপয়া (জিঙ্কস) হতে চাই না। আমি বাড়িতেই থাকব এবং সেখান থেকেই ম্যাচ দেখব।’

যদিও মাঠে উপস্থিত থাকছেন না, তবু হৃদয় দিয়ে দলের পাশেই আছেন বলে জানিয়েছেন রোজারিওর এই তারকা, ‘ছেলেরা জানে, প্রথম দিন থেকেই আমি তাদের সমর্থন করে আসছি। এবারও সবসময়ের মতো দূর থেকেই তাদের সমর্থন করব।’

আর্জেন্টিনার বর্তমান দল নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন ডি মারিয়া। আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়িয়ে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করছেন তিনি।

‘আমি খুবই খুশি, ভীষণ আনন্দিত। আমি মনে করি, সরে দাঁড়িয়ে তরুণদের সুযোগ দেওয়ার সিদ্ধান্তটি ঠিক ছিল। ছেলেরা আবারও বিশ্বকাপ ফাইনালে উঠেছে। গতকালের পারফরম্যান্সের পর তাদের কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়া যায় না।’

ডি মারিয়া যুক্তরাষ্ট্রে না যাওয়ায়, সম্ভাব্য বিশ্বকাপ ট্রফি উপস্থাপনা অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে পারেন সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন মারিও আলবার্তো কেম্পেস অথবা অস্কার রুগেরি। কেম্পেস ১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ে এবং রুগেরি ১৯৮৬ সালের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বড় মঞ্চে উপস্থিত না থাকলেও, আর্জেন্টিনার কোটি সমর্থকের মতোই নিজের ঘর থেকেই মেসি ও স্কালোনির দলের জন্য প্রার্থনা করবেন ‘ফিদেও’।

আরআর/আইএইচএস/