সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ফিফার কাছে অনুরোধ করেই অ্যাওয়ে জার্সি পরেছিল আর্জেন্টিনা। কারণ, তারা মনে করেছিল- ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনা নিল জার্সি পরেই ইংল্যান্ডকে হারিয়েছিল। ফাইনালের আগে আলোচনার বিষয়, স্পেনের বিপক্ষে কোন জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা?

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শুধু দুই দলের কৌশল বা তারকাদের লড়াই নয়, সমর্থকদের নজর থাকে জার্সির দিকেও। স্পেনের বিপক্ষে মহারণের আগে এবার নিশ্চিত হয়েছে, সৌভাগ্যের প্রতীক হয়ে ওঠা নিজেদের ঐতিহ্যবাহী হোম কিট পরেই মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে সেমিফাইনালে ভিন্ন জার্সি ব্যবহার করা স্পেনও ফিরছে তাদের পরিচিত লাল জার্সিতে।

রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে ফাইনালে আকাশি-সাদা ডোরাকাটা হোম জার্সি, সাদা শর্টস ও সাদা মোজা পরেই মাঠে নামবে আর্জেন্টিনা।

চলতি বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচেই এই জার্সি ব্যবহার করেছে লিওনেল স্কালোনির দল। শুধু তিনটি ম্যাচে পরিবর্তন আনা হয়েছিল। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা নীল মোজা ব্যবহার করে, জর্ডানের বিপক্ষে পরে অল্টারনেট জার্সি এবং সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেও খেলেছিল বিকল্প জার্সিতে।

তবে আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে যে হোম কিট পরে খেলেছিল আর্জেন্টিনা, ফাইনালেও থাকবে সেই একই পোশাক।

গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ খেলবেন সম্পূর্ণ সবুজ রঙের গোলকিপার কিটে। ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার ফাইনালেও তাকে একই রঙের পোশাকে দেখা গিয়েছিল। কাতার বিশ্বকাপের নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষের নকআউট ম্যাচগুলোতেও আর্জেন্টিনা সাদা শর্টস ও সাদা মোজা ব্যবহার করেছিল।

অন্যদিকে স্পেনও ফাইনালে ফিরছে তাদের ঐতিহ্যবাহী হোম কিটে। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারানোর সময় বিকল্প জার্সি ব্যবহার করলেও, আর্জেন্টিনার বিপক্ষে তারা খেলবে লাল জার্সি, নীল হাতা এবং হলুদ অলঙ্করণযুক্ত পরিচিত পোশাকেই।

সবকিছু মিলিয়ে, বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে দুই ফুটবল পরাশক্তিই নিজেদের ঐতিহ্য ও সৌভাগ্যের প্রতীক হয়ে ওঠা জার্সি পরেই শিরোপার লড়াইয়ে নামতে যাচ্ছে।

আরআর/আইএইচএস/