স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের জীবনে ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি আসে গত বৃহস্পতিবার। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ পরিচালনার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে- ফিফার কাছ থেকে এই খবর পাওয়ার পর আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেলেন তিনি।

ফিফা প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালে রেফারির দায়িত্ব পাওয়ার খবর জানানো হলে ৪৬ বছর বয়সী ভিনচিচ আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিশ্বকাপে দায়িত্ব পালন করা অন্য রেফারিদের উপস্থিতিতে তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি। পরে সহকর্মীরা তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান এবং সবাই মিলে এই অর্জন উদযাপন করেন। ফিফার রেফারি কমিটি ২০২৬ বিশ্বকাপের ফাইনাল পরিচালনার জন্য ভিনচিচকেই চূড়ান্তভাবে নির্বাচন করেছে।

এই ম্যাচে সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন তারই স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি থাকবেন জর্ডানের আদহাম মাখাদমেহ এবং ভিডিও সহকারী রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালন করবেন জার্মানির বাস্তিয়ান ডাঙ্কার্ট।

চলতি বিশ্বকাপে ভিনচিচ তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। সেগুলো হলো গ্রুপ পর্বের প্রথম ধাপে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ১-১ ড্র হওয়া ম্যাচটি, জর্ডানের বিপক্ষে আলজেরিয়ার ২-১ ব্যবধানের জয় এবং ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর ২-০ ব্যবধানের জয়ের ম্যাচটি।

বিশ্বকাপের আগেও বড় বড় আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা ছিল ভিনচিচের। তিনি ২০২৩-২৪ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও রেফারির দায়িত্ব পালন করেন, যেখানে রিয়াল মাদ্রিদ বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল। এছাড়া উয়েফার বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত ম্যাচ পরিচালনা করে আসছেন এই স্লোভেনিয়ান রেফারি।

আরএএইচইউএল/আইএইচএস