পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় তিন বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক তরুণী (১৮)। গত ১৭ জুলাই এই অভিযোগ করার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন।অভিযুক্ত যুবকের নাম আবদুল্লাহ আল ইমন (২২)। তিনি নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকী গ্রামের ব্যবসায়ী তাইজুল ইসলামের ছেলে। অভিযোগে ইমনের বাবা ও মাকেও বিবাদী করা হয়েছে। ভুক্তভোগী তরুণীর বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলায়।লিখিত অভিযোগে ওই তরুণী উল্লেখ করেন, ইমনের ছোট বোনের মাধ্যমে প্রায় তিন বছর আগে তাদের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি দুই পরিবারের সদস্যরাই জানতেন এবং ইমন একাধিকবার তাকে বিয়ের আশ্বাস দিয়েছেন।অভিযোগে আরও বলা হয়, গত ১৭ জুলাই দুপুরে ইমনের কথা অনুযায়ী ওই তরুণী তাদের বাড়িতে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর ইমনের বাবা-মা তাকে মেনে নিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ইমনও তাকে বিয়ে করতে পারবেন না বলে জানিয়ে দেন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সেখান থেকে ফিরে এসে আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দেন তিনি।নেছারাবাদ থানার পুলিশ জানায়, তরুণীর লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ইমন পলাতক থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।