বর্ষা-বাদল দিনে ঘনঘটা দেখা যাচ্ছে প্রকৃতিতে। মেঘ না চাইতেই বৃষ্টির এ কথাটি এখন মিলে যাচ্ছে ক্ষণে ক্ষণে। রোদোজ্জ্বল আকাশ পরক্ষণেই ঘনকালো মেঘ হয়ে ঝরে পড়ছে ইট-পাথরের এ নগরীর দেওয়াল বেয়ে পাতায় পাতায়। অলিতে গলিতে চায়ের দোকানগুলোতে বৃষ্টি মানেই কিছুটা বাড়তি ভিড়। রাস্তাঘাট পানিতে থইথই করছে; যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে অতিরিক্ত জলাবদ্ধতার কারণে। হঠাৎ বৃষ্টির কারণেই যান্ত্রিক জীবনে কিছুটা সময়ের জন্য হলেও থকমে যেতে হয়। বৃষ্টিবিলাস হাতে গরম ধোঁয়া ওঠা চায়ের কাপে না হলেও একরাশ কাজের চাপ মাথায় নিয়ে অপেক্ষা করতে হয় কখন মিলবে বৃষ্টির অবিরাম বর্ষণ থেকে মুক্তি। তাই বর্ষা এলেই একটু বাড়তি সতর্কতা চাই, যা আপনাকে হঠাৎ বৃষ্টির হাত থেকে একটু হলেও মুক্তি দিতে পারবে।
সঙ্গী ছাতা
বৃষ্টি সঙ্গী ছাতা চাই সবার আগে। একটু ভাঁজ করে ব্যাগে রাখা যায় এমন ছাতাই সবার পছন্দের। বিশেষ করে, যারা বাইরে থাকেন কিংবা কাজের জন্য বাইরে যেতে হয়, তাদের কাছে ছাতা মানেই ফোল্ডিং ছাতা, তবে বাসাবাড়ির চিত্র ভিন্ন। বৃষ্টি হলেও করতে হবে বাজার, যেতে হবে টুকিটাকি কাজে বাইরে। সেই ক্ষেত্রে বড় হ্যান্ডেল ছাতাগুলো সবচেয়ে ভালো। আপনার হাতের কাছের বাজারগুলো থাকবে বৃষ্টির আওতার বাইরে। তবে যারা ছোট ছাতা ব্যবহার করেন, তারা সঙ্গে পলি অথবা কাপড় রাখতে ভুলবেন না, যাতে ছাতার পানিতে ব্যাগের অন্য কিছু নষ্ট না হয়।
প্লাস্টিকের জিপ ব্যাগ
এ ধরনের ব্যাগ আপনার ল্যাপটপ, মোবাইল, হেডফোন বৃষ্টির পানি থেকে দূরে রাখতে সহায়তা করবে। আলাদা ব্যাগে রাখার ফলে বৃষ্টির মাঝেও দরকারি কাজগুলো যেমন জরুরি কল রিসিভ, মেসেজ ইত্যাদি কাজ করতে পারবেন।
রেইনকোট
বৃষ্টির এ ঋতুতে রেইনকোট আপনার আরেকটি নিত্যদিনের বন্ধু। ছাতার পরই সবার পছন্দের তালিকায় থাকে রেইনকোট। স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে রেইনকোটের ব্যবহার জরুরি। ব্যাগ থেকে শুরু করে পুরো শরীর রেইনকোটের ভেতরে থাকে বিধায় বৃষ্টির পানি থেকে জ্বর কিংবা ঠান্ডা-সর্দির হওয়ার আশঙ্কা থাকবে না। ছোটদের পাশাপাশি বড়দের ক্ষেত্রেও রেইনকোট সমানভাবে উপকারী। বিশেষ করে যারা বাইক ড্রাইভ করে থাকেন, তাদের জন্য। এতে করে প্রয়োজনীয় সবকিছুই বৃষ্টি থেকে রক্ষা পাবে।
প্রয়োজনীয় উপকরণ
বৃষ্টির দিনে ব্যাগে চাই বাড়তি কিছু কাপড়। বিশেষ করে এমন কাপড়, যা ভিজে গেলেও শুকিয়ে যায় অল্প সময়ে। এ ক্ষেত্রে জর্জেট কাপড়ের এক সেট বাড়তি পোশাক ব্যাগে কিংবা কাজের জায়গায় রেখে দিতে পারেন। সঙ্গে ছোট রুমাল রাখতে পারেন, যাতে করে ভিজে গেলে মুছে নিতে পারেন। সঙ্গে টিস্যুও রাখতে পারেন, যাতে অল্প ভেজার ক্ষেত্রে মুছে নিতে সহজ হয়। ছোট ফ্যান রাখতে পারেন, যাতে করে শুকিয়ে নেওয়া যায় অল্প ভিজে গেলে।
জুতায় সতর্কতা
বৃষ্টিতে সবচেয়ে ঝামেলা পোহাতে হয় জুতা নিয়ে। তাই বৃষ্টির এ দিনগুলোতে এমন স্যান্ডেল পরুন, যা দেখতে সুন্দর আবার ভিজলেও সমস্যা নেই অথবা কিছু প্যাকেট পাওয়া যায়, যা জুতার ওপরে পরে নিলে জুতা ভিজে যাবে না।
বৃষ্টির দিনে পোশাক বেছে নিতেও কিছু বিষয় মাথায় রাখুন, যাতে করে খুব অল্প সময়ে কাপড় শুকিয়ে যায়; পাশাপাশি রঙের ক্ষেত্রে সাদা কিংবা ধূসর এ জাতীয় রং এড়িয়ে চলুন। সাদা পোশাকের ক্ষেত্রে বৃষ্টিতে ভিজে গেলে তা যতদ্রুত পরিষ্কার করে নিন, নয়তো কালো দাগ পড়ে যেতে পারে। বৃষ্টির সময়ে হাতে বাড়তি সময় রাখুন, যাতে আপনি আপনার গন্তব্য স্থলে পৌঁছাতে পারেন নিশ্চিন্তে।








