বগুড়ার নন্দীগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বাকী বিল্লাহ (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকী বিল্লাহ নন্দীগ্রাম উপজেলার এক মাদ্রাসার সুপারিনটেনডেন্ড। ধর্ষণের শিকার ওই প্রতিবন্ধী তরুণী বাকী বিল্লাহর চাচাতো শ্যালিকা।
মামলার নথি ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২১ জানুয়ারি বিকেলে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। সম্প্রতি ওই তরুণীর শারীরিক অবস্থার পরিবর্তন দেখা দিলে তাকে পরিবারের লোকজন চিকিৎসকের কাছে নিয়ে যান। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক জানান, ওই তরুণী ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা। পরে তার চাচা বাদী হয়ে গত ২৫ জুন আদালতে একটি মামলা করেন। আদালতের নির্দেশে বুধবার ১ জুলাই নন্দীগ্রাম থানায় মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। মামলায় এ ঘটনার জন্য বাকী বিল্লাহকে দায়ী করা হয়। এ মামলায় বাকী বিল্লাহকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। ডিএনএ পরীক্ষাসহ প্রয়োজনীয় তদন্ত করা হবে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, “বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গছাইল দাখিল মাদ্রাসার সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”








