কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন গোপনে থাকলেও সম্প্রতি নিজ বাসায় অবস্থান করছিলেন। বুধবার দুপুরে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ। অভিযোগ অনুযায়ী, ফরিদা ইলিয়াস ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী। পুলিশ জানায়, ফরিদা ইলিয়াসকে সন্ত্রাসবিরোধী মামলার আসামি হিসাবে বুধবার সকালে বড় স্টেশন উত্তর শ্রীরামদী নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে থানায় বাদী হয়ে মামলাটি করেন এসআই আল-আমিন। ওসি ফয়েজ আহমেদ বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


