ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। এর ফলে ওই আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।  এর আগে, গত ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন আদালত।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

অন্যদিকে, আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী এবং ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আইনি জটিলতার সৃষ্টি হয়। নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক রিট করলে হাইকোর্ট তা খারিজ করে দেন। এরপর ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন।

গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। তবে, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলেও ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন আদালত।

পরবর্তীতে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। তবে, আদালতের পূর্ববর্তী নির্দেশনার কারণে তার নির্বাচনের ফলাফল এতদিন প্রকাশ করা হয়নি। সর্বশেষ আপিল বিভাগের রায়ে তার প্রার্থিতা বাতিল হওয়ায় ওই ফলাফল আর প্রকাশ করা যাবে না।