সেন্টমার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১০ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

সোমবার (২৯ জুন) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

জানা যায়, কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া ঘাট থেকে ‘এফবি সামিহা’ নামক একটি ফিশিং বোট ১০ জন জেলেসহ গত বৃহস্পতিবার (২৫ জুন) মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। পরে সোমবার সকাল ৯টায় সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় বোটটি ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে দুপুর ১টায় বোটে থাকা একজন মাঝি মোবাইল কলের মাধ্যমে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর নিকট সহায়তা চান।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে বিকল হওয়া বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে উদ্ধার ১০ জন জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

জাহাঙ্গীর আলম/এফএ/জেআইএম