জীবনের শেষ বয়সে একজন মানুষের সবচেয়ে বড় আশ্রয় হওয়ার কথা পরিবার। অথচ প্রায় ৭০ বছর বয়সী এক পরিচয়হীন বৃদ্ধকে রাস্তার পাশে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

ক্ষুধা, অসুস্থতা আর অবহেলাকে সঙ্গী করে দুইদিন মানবেতর জীবন কাটানোর পর স্থানীয়দের মানবিক উদ্যোগে হাসপাতালে ঠাঁই মিলেছে তার। ঘটনাটি মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকার লিগ্যাল এইড সংলগ্ন সড়কের।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে বৃদ্ধকে একই স্থানে পড়ে থাকতে দেখা যায়। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, অসুস্থতা আর দুর্বলতায় তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছিলেন না। পথচারীরা কেউ খাবার, কেউ পানি দিয়ে সহায়তা করলেও তার পাশে দাঁড়ানোর মতো কোনো স্বজনের দেখা মেলেনি।

প্রায় ৭০ বছর বয়সী এই পরিচয়হীন বৃদ্ধকে সোমবার (২৯ জুন) রাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, স্থানীয় যুবক ও সংবাদকর্মীদের সহায়তায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

উদ্ধারকারী স্বেচ্ছাসেবক আসাদুজ্জামান সাইফ বলেন, “কে বা কারা প্রায় ৭০ বছর বয়সী এই বৃদ্ধকে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না, এমনকি স্পষ্ট করে কথাও বলতে পারেন না। সোমবার রাতে আমরা তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করি। আমরা চাই, স্বজনদের দ্রুত খুঁজে বের করা হোক এবং তারা এসে তাকে নিজ বাড়িতে নিয়ে যাক। যদি কোনো স্বজনের সন্ধান না পাওয়া যায়, তাহলে সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নিক।”

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাঁপা কণ্ঠে বৃদ্ধ দাবি করেন, ছেলে ও পুত্রবধূ তার সঙ্গে খারাপ আচরণ করতেন। একপর্যায়ে তাকে সেখানে ফেলে রেখে চলে যান। তবে, তিনি নিজের নাম, ঠিকানা কিংবা পরিবারের নির্ভরযোগ্য কোনো তথ্য স্পষ্টভাবে জানাতে পারেননি। ফলে তার বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অখিল সরকার বলেন, “স্বেচ্ছাসেবক সদস্য ও সাংবাদিকদের মাধ্যমে একজন  বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”

ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধের ছবি প্রকাশ করে তার পরিচয় এবং স্বজনদের খোঁজ করার চেষ্টা করছেন।