চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ। আফতাব মজুমদার এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সবুজ মাহমুদ। এই ঘটনায় আফতাব মজুমদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে এনসিপি।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ফেসবুকে আফতাবের পরিচয় হয়। পরিচয় থেকে সম্পর্কের ঘনিষ্ঠতা তৈরি হলে আফতাব শিক্ষার্থীকে বিয়ের আশ্বাস দেন। গত ১৪ জুলাই রাতে ওই ছাত্রীকে চান্দগাঁও এলাকার সুইট প্যালেস নামে একটি আবাসিক হোটেলের কক্ষে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আফতাব। পরে ছাত্রী বিয়ের তাগিদ দিলে আফতাব তা অস্বীকার করে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরে অনুসন্ধানে ভুক্তভোগী জানতে পারেন, আফতাব আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। তাই ১৯ জুলাই ছাত্রী চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে আফতাবকে গ্রেফতার করা হয়।
এনসিপি থেকে স্থায়ীভাবে বহিষ্কার : এ ঘটনায় আফতাব মজুমদার জয়কে বহিষ্কার করেছে এনসিপি। দলটির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উত্থাপিত হওয়ায় এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির জরুরি সিদ্ধান্ত মোতাবেক আফতাব মজুমদারকে মহানগর কমিটির সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

