সাভারে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। বুধবার দিবাগত রাত বারোটার দিকে বেদেপাড়া তিন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উথান মিয়া (৫০) নামে এক বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। অভিযুক্ত উথান মিয়া ওরফে হরি সাভার পোড়াবাড়ির মৃত কিছক ওরফে ইছক আলীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত গভীর রাতে ৯ বছরের এক শিশুকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে জোর করে ধর্ষণ করেন ওই ব্যক্তি। শিশুটি চিৎকার করলে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারীকে গণপিটুনি দিয়ে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ বলেন, শিশু ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।