বরিশালে কয়েকদিনের ব্যবধানে চারটি লাশ উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। নগরী ও জেলার বিভিন্ন এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, মাদ্রাসাছাত্রী, বৃদ্ধা ও অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনজনের লাশ ঝুলন্ত অবস্থায় এবং একজনের লাশ মহাসড়কের পাশের খাদ থেকে উদ্ধার করা হয়। সর্বশেষ বুধবার সকালে বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় গভীর খাদ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ। স্থানীয়দের বক্তব্য-কয়েক দিন ধরে ওই নারীকে মহাসড়কের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। স্থানীয়রা ধারণা করে বলেন, কোনো যানবাহনের ধাক্কায় আহত হয়ে তিনি খাদে পড়ে গিয়ে মারা যেতে পারেন। তবে মৃত্যুর কারণ নিশ্চিত নয়। এয়ারপোর্ট থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে আইনগত কার্যক্রম চলছে। সিআইডির একটি দলও কাজ করছে।

এর আগের রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকারের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ক্যাম্পাসসংলগ্ন খালপাড় সড়কের একটি ভবনের তালাবদ্ধ কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে বন্দর থানা পুলিশ। উচ্ছ্বাস ববির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। সহপাঠীরা জানান, প্রায় দেড় মাস আগে তিনি বরিশালে ফিরে সরকারি চাকরির প্রস্তুতির জন্য ওই কক্ষ ভাড়া নেন। কয়েক দিন ধরে তার ফেসবুক আইডি নিষ্ক্রিয় ছিল। মঙ্গলবার রাতে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করা হয়। বন্দর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, লাশের ময়নাতদন্ত হয়েছে। কী কারণে তিনি আত্মহনন করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে ১৯ জুলাই রাতে গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকার একটি আবাসিক মাদ্রাসা থেকে ১১ বছর বয়সী ছাত্রী জান্নাতুল ফেরদাউসের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে মিফতাহুল জান্নাহ হিফজুল কুরআন মডেল মহিলা মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্রী ছিল। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, দীর্ঘ সময় কক্ষটি ভেতর থেকে বন্ধ থাকায় শিক্ষার্থী ও শিক্ষিকাদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে ওই ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখে দরজা ভেঙে তাকে নামানো হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

এছাড়া গত ১৯ জুলাই নগরীর আলেকান্দা এলাকার একটি বাসা থেকে সালেহা বেগম (৬৮) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানার এসআই রাজীব হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে।