চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক শ্রমিক মাহমুদুল হকের (৪০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জন। নিহত মাহমুদুল হক পটিয়ার কুসুমপুরার ৫ নম্বর ওয়ার্ডে গোরনখাইন এলাকার মৃত খায়ের আহমদের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।
সংশ্লিষ্টরা জানান, ১৬ জুলাই সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী বানু মেম্বারটেক এলাকার ‘কনফিডেন্স সল্ট লিমিটেড’ কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১০ জন শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান। বাকি ছয়জনের মধ্যে তিনজনকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। দুজন চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান। ঘটনার এক সপ্তাহ পরও থানায় মামলা হয়নি।

