সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বাবলু মণ্ডল (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার হাসপাতালে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মারা যাওয়া বাবলু মণ্ডল সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং পূর্ব বাহুকা গ্রামের রমজান আলীর ছেলে। সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, ৫ আগস্ট পরে সদর থানায় দায়ের হওয়া একটি মারামারি ও বিস্ফোরক মামলায় হাজতি আসামি রমজান আলী ২২ জুন কারাগারে আসেন। শুরু থেকেই শারীরিক দুর্বলতা থাকায় নড়াচড়া কম করতেন তিনি। বুধবার রাত পৌনে ৮টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

