নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে একমাত্র সন্তানকে বিষ খাইয়ে মায়ের বিষপানের ঘটনা ঘটেছে। পরে আশঙ্কাজনক অবস্থায় মাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি ১ বছর ৫ মাস বয়সি শিশু আবু সাইদকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের পশ্চিম মীরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর বাবার নাম হারুন অর রশিদ এবং মা সাহিদা। জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মতের মিল হচ্ছিল না সাহিদার। এতে করে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়াঝাটি লেগেই থাকতো। এসবের জেরে বুধবার দুপুরের পর নিজ বাড়িতে সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন সাহিদা। বিষক্রিয়া শুরুর পর পরিবারের সদস্যরা টের পেয়ে আশঙ্কাজনক অবস্থায় মা সাহিদা ও তার শিশুসন্তানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেওয়ার সময় শিশুটি মারা যায়। পরে খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। ওসি মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় পুরোবিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।