বাগাতিপাড়ায় কিশোর চালককে হত্যা করে চার্জার ভ্যান ছিনতাইকারী চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। মামলার অন্য একটি ধারায় তাদের আরও পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং আরও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলায় অপর একজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার বিকালে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এই রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-বাগাতিপাড়ার বেগুনিয়া গ্রামের শরিফুল ইসলাম, একই গ্রামের মাজেদুল মন্ডল ও মো. রানা এবং কুড়িগ্রামের রাজারহাটের লিটন ওরফে মিঠন মন্ডল। অপর আসামি রাজশাহীর বাঘা এলাকার শওকত আলী মন্ডল। আসামিদের মধ্যে মো. রানা পলাতক রয়েছেন। আদালত সূত্র জানায়, রাজশাহীর বাঘার বেড়েরবাড়ী গ্রামের জিয়া সর্দারের ছেলে মো. প্রান্ত (১৬) চার্জার ভ্যান চালাতেন। ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর রাতে আসামিরা আড়ানী বাজার থেকে বাগাতিপাড়ার পাকা বাজারে আসার কথা বলে তার ভ্যানটি ভাড়া করে। সেই রাতে আর প্রান্ত বাড়ি ফিরে আসেনি। পরদিন সকালে বাগাতিপাড়ার সালাইনগর গ্রামের একটি ফসলি জমিতে হাত-পা বাঁধা ও মুখের মধ্যে কাপড় গুজা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

