রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পরিচয়ে রোগী দেখা ও চিকিৎসার অভিযোগে রবিউল ইসলাম নামে এক টেকনোলজিস্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নগরীর চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান। অভিযুক্ত রবিউল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত বিভাগের টেকনোলজিস্ট বলে জানা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহান বলেন, ‘মেডিকেল টেকনোলজিস্টদের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা বা প্রেসক্রিপশন দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু রবিউলের দীর্ঘদিন ধরে চেম্বারে রোগী দেখা, প্রেসক্রিপশন দেওয়া এবং নিজেকে দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।’

এসময় চিকিৎসক পরিচয়সহ বিভিন্ন অভিযোগে তার চেম্বার বন্ধসহ এ জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম করা থেকে বিরত থাকবেন বলে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

জিতু কবীর/এফএ/এএসএম