ছুটির দিনে ব্যস্ততার গতি একটু থেমে গেলে অনেকেই খোঁজেন আরাম আর সুস্বাদু খাবারের স্বাদ। এমন সময় ঘরেই সহজ উপকরণে তৈরি স্প্যানিশ অমলেট হতে পারে দারুণ একটি পছন্দ। ডিম, আলু আর কয়েকটি সাধারণ উপাদানের মিশেলে তৈরি এই স্প্যানিশ পদটি যেমন পুষ্টিকর, তেমনি স্বাদেও ভরপুর।

পরিবারের সঙ্গে অলস ছুটির সকাল কিংবা বিকেলের আড্ডায় গরম গরম স্প্যানিশ অমলেট এনে দিতে পারে এক অন্যরকম রসনাতৃপ্তি। রইলো রেসিপি-

আরও পড়ুন

মিশরের ঐতিহ্যবাহী খাবার কোশারির রেসিপি

উপকরণ

  • ডিম ৫-৬ টা
  • পেঁয়াজকুচি ১ কাপ
  • আলু কুচি দেড় কাপ
  • গাজর কুচি আধা কাপ
  • লবণ স্বাদমতো
  • গোলমরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী
  • কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ
  • ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
  • তেল ৩ টেবিল চামচ
আরও পড়ুন

কেপ ভার্দের জনপ্রিয় খাবার ফিজোয়াডা, রইলো রেসিপি

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে ডিম, গোলমরিচ গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ একসঙ্গে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর কড়াইতে তেল গরম করে আলুকুচি হালকা ভেজে নিন। আলু কিছুটা নরম ও হালকা সোনালি হলে এতে পেঁয়াজ ও সামান্য লবণ যোগ করুন। আরও কয়েক মিনিট ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন।

ঠান্ডা হয়ে গেলে ভাজা আলু-পেঁয়াজ ডিমের মিশ্রণে দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিন। এবার একটি ফ্রাইং প্যানে অল্প তেল গরম করে পুরো মিশ্রণটি ঢেলে দিন। কম আঁচে ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করুন।

আরও পড়ুন

ঘরেই বানিয়ে নিন আর্জেন্টিনার ডুলসে দে লেচে আলফাহোরেস

এক পাশ ভালোভাবে সেট হয়ে গেলে একটি প্লেটের সাহায্যে অমলেটটি উল্টে আবার প্যানে ফিরিয়ে দিন। ঢেকে আরও প্রায় ২ মিনিট রান্না করুন, যেন অন্য পাশও সুন্দরভাবে সেদ্ধ ও হালকা সোনালি হয়ে যায়। শেষে অমলেটটি নামিয়ে পছন্দমতো টুকরো করে কেটে নিন। আপনার প্রিয় সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু স্প্যানিশ অমলেট।

জেএস/