বাংলার মধ্যযুগীয় ইতিহাসে পান্ডুয়া ছিল জ্ঞান, সংস্কৃতি ও আধ্যাত্মিক সাধনার অন্যতম কেন্দ্র। এই শহরের খানকাগুলোতে যেমন ধর্মীয় শিক্ষা বিস্তার লাভ করত, তেমনি এখান থেকেই সমাজজীবনে নৈতিক নেতৃত্বও গড়ে উঠত। সেই ধারার অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন শেখ আলাউল হক, আর তারই উত্তরসূরি হিসেবে সর্বোচ্চ মর্যাদা লাভ করেন তার পুত্র শেখ নূর কুতুব আলম। পিতার মতো তিনিও চিশতিয়া তরিকার একজন বিশিষ্ট পীর ছিলেন। তার বংশপরিচয়ও ছিল সম্মানজনক। তিনি ছিলেন শেখ আলাউল হকের পুত্র এবং লাহোরের প্রসিদ্ধ সাধক শেখ আসাদের পৌত্র। কিন্তু বংশগৌরবের চেয়েও বড় ছিল তার ব্যক্তিত্ব, জ্ঞান, দূরদর্শিতা এবং মানুষের জন্য আত্মনিবেদিত জীবন।
নূর কুতুব আলমের জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় রচিত হয় এক ভয়াবহ রাজনৈতিক সংকটের সময়। তখন বাংলার সুলতানি শাসন দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগে রাজা গণেশ ক্ষমতা দখল করেন। ইতিহাসের বিভিন্ন সূত্রে তার শাসনকালকে নানা দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হলেও একটি বিষয় স্পষ্ট—এই সময় বাংলার মুসলিম সমাজ গভীর অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে পড়ে। বিশেষ করে ধর্মীয় নেতৃত্ব, আলেম-ওলামা এবং সাধারণ মুসলমানদের ওপর নিপীড়নের অভিযোগ বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে উল্লেখিত হয়েছে।
এই পরিস্থিতিতে শেখ নূর কুতুব আলম নীরব থাকেননি। তিনি উপলব্ধি করেছিলেন, কেবল খানকায় বসে ইবাদত করাই একজন আধ্যাত্মিক নেতার একমাত্র দায়িত্ব নয়; মানুষের জীবন, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা বিপন্ন হলে ন্যায় প্রতিষ্ঠার জন্যও এগিয়ে আসতে হয়। তার এই অবস্থান প্রমাণ করে, ইসলামী আধ্যাত্মিকতার প্রকৃত শিক্ষা সমাজবিমুখতা নয়; বরং মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন।
বাংলার মুসলমানদের রক্ষার জন্য তিনি এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেন। তিনি উত্তর ভারতের জৌনপুরের সুলতান ইবরাহিম শর্কির কাছে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে বাংলার পরিস্থিতি তুলে ধরে সাহায্যের আবেদন জানান। একই সঙ্গে তিনি প্রসিদ্ধ সুফি ব্যক্তিত্ব মীর সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানিকেও অনুরোধ করেন, যেন তিনিও ইবরাহিম শর্কিকে বাংলার মুসলমানদের সহায়তায় এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেন।
আরও পড়ুন
ইবরাহীম আলী তশনা (রহ.), মরমি কবি ও প্রখ্যাত আলেম
উভয় আহ্বানে সাড়া দিয়ে সুলতান ইবরাহিম শর্কি বিশাল বাহিনী নিয়ে বাংলার দিকে অগ্রসর হন। খবরটি রাজা গণেশের কাছে পৌঁছাতেই তিন ভীত হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন, এই সংঘাত অব্যাহত থাকলে তার শাসন টিকিয়ে রাখা কঠিন হবে। শেষ পর্যন্ত তিনি শেখ নূর কুতুব আলমের শরণাপন্ন হন এবং অনুরোধ করেন, যেন তিনি ইবরাহিম শর্কিকে ফিরে যেতে বলেন।
কিন্তু নূর কুতুব আলম কোনো ব্যক্তিগত সমঝোতা বা রাজনৈতিক সুবিধার ভিত্তিতে সিদ্ধান্ত নেননি। বরং তিনি জানিয়ে দেন, একজন মুসলিম শাসককে কোনো অমুসলিম শাসকের পক্ষ নিয়ে তিনি ফিরিয়ে দিতে তিনি পারেন না। প্রথমে তিনি রাজা গণেশকে ইসলাম গ্রহণের শর্ত দেন। গণেশ তাতে সম্মত হলেও তার রানি এতে আপত্তি জানায়। পরে গণেশ তার বারো বছর বয়সী ছেলে যদুকে নিয়ে শেখে নূর কুতুব আলমের কাছে উপস্থিত হন। যদু ইসলাম গ্রহণ করে ‘জালালুদ্দীন’ নাম ধারণ করেন এবং জালালুদ্দীন মুহাম্মদ শাহ হিসেবে সিংহাসনে বসেন। এই ঘটনার মধ্য দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো সম্ভব হয় এবং বাংলার রাজনৈতিক স্থিতিশীলতা অন্তত সাময়িকভাবে পুনঃপ্রতিষ্ঠিত হয়।
তবে ইতিহাসের পরবর্তী অধ্যায় ছিল ভিন্ন। শেখ নূর কুতুব আলমের মৃত্যুর পর রাজা গণেশ পুনরায় ক্ষমতা গ্রহণ করেন এবং যদুকে আবার হিন্দুধর্মে ফিরিয়ে আনার উদ্যোগ নেন। কিন্তু গণেশের মৃত্যুর পর যদুই আবার জালালুদ্দীন মুহাম্মদ শাহ পরিচয়ে সিংহাসনে আরোহণ করেন এবং বাংলার মুসলিম শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়। এই ঘটনাপ্রবাহে নূর কুতুব আলমের দূরদর্শিতার প্রতিফলন স্পষ্ট হয়ে ওঠে। তিনি হয়তো জানতেন, একটি সংকটময় সময়ে আপসের মধ্য দিয়েও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার পথ তৈরি করা যায়।
তবে নূর কুতুব আলমের মহত্ত্ব কেবল রাজনৈতিক নেতৃত্বে সীমাবদ্ধ ছিল না। বরং তার ব্যক্তিজীবন ছিল বিনয়, আত্মসংযম এবং সেবার এক অনন্য উদাহরণ। ছোটবেলা থেকেই তিনি নিজের অহংকার ভেঙে ফেলার জন্য কঠোর কায়িক শ্রমকে সাধনার অংশ করে নেন। দরগায় আগত দরিদ্র ফকিরদের কাপড় ধোয়া, জ্বালানি কাঠ বহন করা, পানি আনা, শীতের সকালে মুরশিদের অজুর জন্য পানি গরম করা, এমনকি খানকাহর শৌচাগার পরিষ্কার করার মতো কাজও তিনি নিজ হাতে করতেন।
আরও পড়ুন
শতাব্দী প্রাচীন বাবা আদম মসজিদের ইতিহাস
আজকের সময়ে নেতৃত্বকে আমরা প্রায়ই ক্ষমতা, প্রভাব কিংবা সামাজিক মর্যাদার সঙ্গে মিলিয়ে দেখি। অথচ নূর কুতুব আলমের জীবন আমাদের শেখায়, প্রকৃত নেতৃত্ব শুরু হয় সেবার মাধ্যমে। যে মানুষ নিজের হাতে মানুষের কষ্ট লাঘব করতে পারে, তিনিই প্রকৃত অর্থে মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারেন।
তিনি শুধু নিজের আধ্যাত্মিক সাধনায় সীমাবদ্ধ থাকেননি; পরবর্তী প্রজন্ম গড়ে তোলার প্রতিও ছিলেন সমান মনোযোগী। তার দুই পুত্র শেখ রাফকাতউদ্দীন ও শেখ আনোয়ারকে তিনি আধ্যাত্মিক দীক্ষায় দীক্ষিত করেন। তার পৌত্র শেখ জাহিদ পরবর্তীকালে একজন খ্যাতিমান দরবেশ হিসেবে পরিচিতি লাভ করেন। তার অন্যতম বিশিষ্ট শিষ্য ছিলেন শেখ হুসামুদ্দীন মানিকপুরী। এভাবে তার প্রতিষ্ঠিত আধ্যাত্মিক ধারা বহু শতাব্দী ধরে বাংলার মুসলিম সমাজে প্রভাব বিস্তার করে।
শেখ নূর কুতুব আলমের প্রতি পরবর্তী সুলতানদের শ্রদ্ধাও ছিল অসাধারণ। বিশেষ করে সুলতান আলাউদ্দীন হোসেন শাহ তার দরগাহ-সংলগ্ন সরাইখানা ও মাদ্রাসার ব্যয় নির্বাহের জন্য বহু গ্রাম ও সম্পত্তি দান করেন। বলা হয়, তিনি প্রতি বছর রাজধানী একডালা থেকে পান্ডুয়ায় এসে দরবেশের মাজার জিয়ারত করতেন।
তার মৃত্যুর সঠিক তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে কিছু মতভেদ থাকলেও অধিকাংশের ধারণা, তিনি ৮১৮ হিজরি বা ১৪১৫ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের সঙ্গে একটি সুন্দর ফারসি অভিব্যক্তি যুক্ত হয়েছে—“নূর বানূর-শুদ”, অর্থাৎ “আলো আলোতে বিলীন হয়ে গেল।” এই বাক্যটি যেন তার সমগ্র জীবনেরই প্রতীক। তিনি এমন এক আলোকবর্তিকা ছিলেন, যিনি নিজের জন্য নয়, মানুষের পথ আলোকিত করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন।
ইতিহাসে বহু রাজা এসেছেন, বহু সাম্রাজ্য গড়ে উঠেছে এবং বিলীন হয়েছে। কিন্তু যারা মানুষের হৃদয়ে নৈতিকতার আলো জ্বালিয়ে দেন, তাদের স্মৃতি যুগের পর যুগ অম্লান থাকে। শেখ নূর কুতুব আলম সেই বিরল ব্যক্তিত্বদের একজন, যার জীবন বাংলার ইতিহাসে আধ্যাত্মিক নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিক সাহসের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে।
আরও পড়ুন
বায়েজিদ বোস্তামির মাজার, ইতিহাস ও কিংবদন্তির আশ্চর্য জগৎ
ওএফএফ








