কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের কাঁচকোল সড়কটারী এলাকায় ৩টি স্থানে ধস ও একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ভাঙন ও বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বাঁধের এই পরিস্থিতির কথা নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।সরেজমিনে দেখা যায়, বাঁধের প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে ১০, ১২ ও ৬ মিটার দৈর্ঘ্যের ব্লক পিচিং ধসে গেছে। এ ছাড়া অন্তত ১০টি স্থানে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। এতে প্রায় এক কিলোমিটার এলাকা এখন চরম ঝুঁকির মুখে রয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিশাল প্রকল্পে ২০১৮ সাল থেকে একাধিকবার ধসের ঘটনা ঘটেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। প্রতি বছর বর্ষা মৌসুম এলে তাদের আতঙ্কে দিন কাটাতে হয়।কাঁচকোল সড়কটারী এলাকার বাসিন্দা মো. খতিব উদ্দিন বলেন, ‘বাঁধ হওয়ার পর আমরা নিশ্চিন্তে ছিলাম। কিন্তু কয়েক বছর ধরে বারবার ধস নামায় আমরা আবারও সর্বস্ব হারানোর ভয়ে আছি। পাউবো এখন পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা নেয়নি।’ একই আশঙ্কার কথা জানান স্থানীয় বাসিন্দা নুরজাহান ও নুর নাহার। তারা বলেন, ধস ও ফাটলের খবরে তাদের ঘুম হারাম হয়ে গেছে।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এরই মধ্যে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং শুরু হয়েছে। আশা করছি আগামী দু-এক দিনের মধ্যে বাঁধটি ঝুঁকিমুক্ত হবে। আতঙ্কের কোনো কারণ নেই।’
রাজনীতি
চিলমারীতে ব্রহ্মপুত্রের রক্ষা বাঁধে ধস, আতঙ্কে কয়েক হাজার মানুষ

শেয়ার করুন







