বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা থেকে বিভিন্ন প্রাণী বিক্রি ও স্থানান্তরের ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সোমবার সকালে চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, চিড়িয়াখানার প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে এবং তাদের বর্তমান অবস্থা কী, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পশুপাখির খাঁচা, বিভিন্ন রাইড ও অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন। তিনি বলেন, এক সময় রাজশাহীর মানুষের অন্যতম বিনোদনকেন্দ্র ছিল এই চিড়িয়াখানা। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য নষ্ট হয়েছে এবং বর্তমানে এটি অস্তিত্ব সংকটে পড়েছে। তিনি আরও বলেন, চিড়িয়াখানাটিকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আদলে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এ লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রাথমিক পরিদর্শন করা হয়েছে। শিগগিরই একটি বিশেষজ্ঞ দল সরেজমিন পরিদর্শন করে সুপারিশ দেবে। সেই সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।