দৌলতখানে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে দুই যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহতরা হলেন দৌলতখান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম এবং সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. লিটন। তারা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত নুর উদ্দিন ঢাকার রমনা পুলিশ অফিসার্স মেসে জিম প্রশিক্ষক হিসাবে কর্মরত। দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আলাউদ্দিনের ছেলে। ঘটনাটি রোববার রাতে দৌলতখান পৌরসভা এলাকায় ঘটে।

পরে ওই পুলিশ সদস্যকে দৌলতখান থানা পুলিশের হেফাজতে নেওয়া হয় বলে দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম জানান। এ সময় তার সহযোগী মুহাইমিন শিকদারকে মাদকসংশ্লিষ্ট অভিযোগে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আহত ও স্থানীয়রা জানান, পুলিশ সদস্য নুর উদ্দিন গ্রামের বাড়ি দৌলতখানে এসে তার চাচা লিটনের জমির গাছ কাটতে গেলে ওই বাড়ির লোকজন ও লিটন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে নুর উদ্দিন তার মাদকের সহযোগী মুহাইমিন শিকদার, সোহাগ, সজিব, সুজন মিলে লিটন ও সেলিমকে বেধড়ক মারধর করেন বলে আহতরা দাবি করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মুহাইমিন শিকদারকে মাদকের সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে।