ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম জেলা সংগঠন হিসেবে জাতীয় সংসদের বাজেট অধিবেশন পরিদর্শন করেছে রাজশাহী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (রাসা)। এ শিক্ষা সফরে অংশ নিয়ে সংসদীয় কার্যক্রম ও বাজেট প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন শিক্ষার্থীরা।

শনিবার (২৭ জুন) রাজশাহী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (রাসা)-ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের ৪৮ জন শিক্ষার্থী এবং দুইজন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এ সময় তারা বাজেট অধিবেশন প্রত্যক্ষ করার পাশাপাশি সংসদ গ্রন্থাগার ঘুরে দেখেন এবং স্মৃতিচারণমূলক ফটোসেশনে অংশ নেন।

রাসা সূত্রে জানা যায়, সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্র পরিচালনা এবং জাতীয় বাজেট প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ধারণা দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। সংগঠনটির মতে, ২৪-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি। এ কারণে জাতীয় বাজেট, সংসদীয় কার্যক্রম ও গণতান্ত্রিক চর্চা সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো জরুরি।

সংগঠনটির সভাপতি আসিফ আলীর নেতৃত্বে এ শিক্ষা সফরের আয়োজন করা হয়। রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সুপারিশে শিক্ষার্থীরা জাতীয় সংসদের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পান।

রাসার সভাপতি আসিফ আলী বলেন, “জাতীয় সংসদ দেশের গণতান্ত্রিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু। তরুণদের মধ্যে সংসদীয় কার্যক্রম সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং রাষ্ট্র পরিচালনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরো বলেন, “দেশ গঠনে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংসদীয় গণতন্ত্রের চর্চা ও এর ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।”