কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী ২ বাসের সংঘর্ষে ইমরান গাজী (২৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের সুয়াগাজী এলাকায় রাহাত ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ইমরান গাজী চাঁদপুর সদর উপজেলার ফজলুল হক গাজীর ছেলে। তিনি সিডিএম পরিবহনের যাত্রী ছিলেন।ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে মদিনা পরিবহনের সামনের অংশ এবং সিডিএম পরিবহনের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ইমরান গাজী ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।\