ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার (৬৫) মরদেহ পাওয়া গেছে।
রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী বলেন, ‘খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করি। পরে দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আমরা এখনো ওই বৃদ্ধার নাম-পরিচয় জানতে পারিনি। সিআইডিকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’
কেএজেডআইএ/একিউএফ








