টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজের চলমান এইচএসসি পরীক্ষার্থী লিমা আক্তারের মৃত্যুর ঘটনায় প্রেমিক মো. মারুফ হোসেন শান্তের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার তাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২টায় ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের ধোকেরকুল মোড়ে ভূমিহীন সমিতি ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিজেরা করি উন্নয়ন সংগঠনের ধনবাড়ী উপজেলা সমন্বয়ক শশী কুমার ত্রিপুরা, সিপিবির ধনবাড়ী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুপিটার, উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি কছিম উদ্দিন, নিহত লিমার বাবা সুরুজ আলী, বোন সুমি বেগম ও ফুফু রমিছা বেগম। জানা যায়, ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের ধোকেরকুল গ্রামের সুরুজ আলীর মেয়ে লিমা আক্তার ধনবাড়ী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ধনবাড়ী পৌর এলাকার বন্দ-টাকুরিয়া গ্রামের মঞ্জু মিয়ার ছেলে মো. মারুফ হোসেন শান্তের সঙ্গে লিমার প্রেমের সম্পর্ক ছিল। শনিবার সকালে শান্ত ফোন করে লিমাকে বাড়ি থেকে বের করে নিয়ে যান। পরিবারের দাবি, পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা বের হলেও পরে দুজনের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। লিমার পরিবারের অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর ছেলেপক্ষ স্থানীয় কয়েকজনের মাধ্যমে মীমাংসার চেষ্টা করে। পরে রাত আনুমানিক ১১টার দিকে লিমাকে তার বড় বোনের জামাই কাবেলের বাড়িতে রেখে যায়। পরদিন রোববার বেলা ১১টার দিকে ওই বাড়ির একটি কক্ষে ওড়নায় ঝুলন্ত অবস্থায় লিমাকে দেখতে পান স্বজনরা। খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।








