বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে থানার এসআই মোস্তাফিজার রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত আদেশে এ তথ্য পাওয়া গেছে। সোমবার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী ২১ জুন থানায় লিখিত অভিযোগ করেন যে, এক দালাল তার ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর পর চুক্তি অনুযায়ী কাজের ব্যবস্থা করেনি। থানার ওসি এ ব্যাপারে তদন্ত করতে উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজারকে দায়িত্ব দেন। ওই পুলিশ কর্মকর্তা তদন্ত করতে বেশ কয়েকবার অভিযোগকারীর বাড়িতে যান। এ সময় প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তার (এসআই) অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। পুলিশ কর্মকর্তা ওই নারীর সঙ্গে মোবাইল ফোনে বিভিন্ন অশালীন কথা বিনিময় করেন। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে এলে পুলিশ সুপার এ ব্যাপারে তদন্ত করতে ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) শুকুর আলীকে দায়িত্ব দেন।
এদিকে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তে এসআই মোস্তাফিজার ও প্রবাসীর স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথনের অডিও ক্লিপ পাওয়া যায়। তদন্ত শেষে ১০ জুলাই পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে পুলিশ সুপার ১২ জুলাই এসআই মোস্তাফিজারকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।
এ প্রসঙ্গে ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) শুকুর আলী জানান, এসআই মোস্তাফিজারকে পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ পাওয়ার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান জানান, এ ব্যাপারে তদন্ত চলছে।








