দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত, সরকারি আদেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্মকমিশনার রিফাত রহমান শামীমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১৩ আগস্ট তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হলেও তিনি সেখানে যোগদান করেননি এবং এরপর থেকে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।
পরে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সম্মতির ভিত্তিতে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।







