ঋণের চাপে পাঁচ দিনের ব্যবধানে মা-মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকার দোহারে স্থানীয় লোকজন বলছেন, নিহত মা-মেয়ে এনজিও থেকে ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করতে না পারায় মানসিক চাপে তারা এ পদ বেছে নেন। তাদের চাপ দেওয়ার পাশাপাশি গালাগাল করেছিলেন ঋণদাতা সংস্থার কর্মকর্তারা। এ কারণে লজ্জায়-অভিমানে অসুস্থ হয়ে ২৪ জুন মারা যান দোহারের খালপাড় এলাকার লাভলী আক্তার। একই কারণে অসুস্থ হয়ে সোমবার রাতে মারা গেছেন মা রেহানা বেগম। স্থানীয়রা ও নিহত মা-মেয়ের পরিবার সূত্রে জানা যায়, দোহার উপজেলার খালপাড় এলাকার মৃত শেখ শহীদের স্ত্রী লাভলী এক বছর আগে ‘রুরাল কনস্ট্রাকশন নিউনেশন’ নামে একটি এনজির উপজেলার বটিয়া শাখা থেকে তিন লাখ টাকা ঋণ নিয়ে ছেলেকে সৌদি আরবে পাঠান। কিন্তু ছেলে টাকা না পাঠানোয় ঋণের টাকা পরিশোধ করতে পারছিলেন না লাভলী। এতে এনজিও কর্মকর্তারা তাকে নানাভাবে চাপ দিতে থাকেন।
কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে ভয়ে লাভলী বাড়ি ত্যাগ করে অন্যত্র অবস্থান নেন। তিনি উপজেলার নাগেরকান্দায় মায়ের বাড়িতে অবস্থান করেন। সেখানে গিয়েও ঋণের টাকার জন্য চাপ দেন এনজিওর এক কর্মকর্তা। ওই কর্মকর্তা পুলিশ নিয়ে গিয়ে লাভলীকে গ্রেফতার করার কথা বলে ভয়ভীতি দেখান। ওই দিনই লাভলী অসুস্থ হয়ে পড়েন এবং সন্ধ্যার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবার বিষয়টি লিখিতভাবে জানালে ওই এনজিওর বিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




