সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের কৃতি ফুটবলার মো. রিপন মোল্লা। তার অস্ত্রোপচার ও চিকিৎসায় প্রয়োজন বিপুল অর্থ। তাই চিকিৎসায় সহায়তার জন্য সোমবার (৩১ আগস্ট) গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) উদ্যোগে সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা মিলে অর্থ সংগ্রহ করেন।

মো. রিপন মোল্লা গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের ৩১তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের খেলোয়াড়।

সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী নাজমুল হোসেন রিমন বলেন, “রিপন ভাই আমাদের বিশ্ববিদ্যালয়ের ফুটবলার। সড়ক দুর্ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে ঢাকা এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছে। যেহেতু এভারকেয়ার হাসপাতাল অনেকটাই ব্যয়বহুল। আমরা চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী যেন ভালো চিকিৎসা পায়। যেকোনো পরিস্থিতিতে আমরা পাশে থাকতে চাই।”

রিপনের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিয়েছে গকসু

গকসুর ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ (শীতল) বলেন, “রিপন বিশ্ববিদ্যালয়ের মূল দলের আমার সতীর্থ। বিভিন্ন টুর্নামেন্টে আমরা একসঙ্গে খেলেছি। মানিকগঞ্জে একটি টুর্নামেন্ট শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রিপন। প্রথমে এনাম মেডিকেলে নেওয়া হলেও পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। আমরা নিয়মিত তার খোঁজখবর নিচ্ছি। বিষয়টি ভিপিকে জানালে তিনি আগ্রহ প্রকাশ করেন। পরে নির্ধারিত দিনে আমরা তার চিকিৎসার জন্য ফান্ড সংগ্রহ করি।”

গকসুর সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, “গণ বিশ্ববিদ্যালয় ফুটবলের অর্জনের অন্যতম সারথী রিপন। সে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্পদ। পরিবারের একমাত্র সম্বল রিপন, তার উপার্জনের অর্থে চলে সংসার। সড়ক দুর্ঘটনার কারণে গুরুতর অসুস্থ হয়ে ঢাকা এভারকেয়ারে ভর্তি আছে। রিপন না বললেও আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে গকসুর উদ্যোগে আমরা সাধারণ শিক্ষার্থীরা একটা ফান্ডের ব্যবস্থা করতে এই উদ্যোগ নিয়েছি।”

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে সামর্থ্য অনুযায়ী রিপনের চিকিৎসায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।