বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) দিবস-২০২৬ এবং প্রথম বিশেষ প্রাক্তন শিক্ষার্থী সমাবেশ উদযাপিত হয়েছে। সিভাসু অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই দিনব্যাপী আয়োজনে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ছয় শতাধিক মানুষের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় মিলনমেলা ও উৎসবের কেন্দ্রে।

শনিবার (২৯ আগস্ট) আয়োজনের প্রথম দিনে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় অর্ধশত শিশু অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সনদ ও উৎসাহমূলক চিত্রাঙ্কন সামগ্রী দেওয়া হয়। একই দিনে প্রায় তিন শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালি শেষে প্রশাসনিক ভবন চত্বরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ইউছুফ এলাহী চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. রাশেদ মাহমুদের সঞ্চালনায় মুক্ত আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রথম কার্যনির্বাহী পর্ষদের সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশিষ্ট অ্যালামনাইদের হাতে ‘লাইফ মেম্বারশিপ অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়। পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কৃত করা হয়। পরে বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ ও প্রথম বিশেষ প্রাক্তন শিক্ষার্থী সমাবেশ উপলক্ষে প্রকাশিত বিশেষ স্যুভেনিয়রের মোড়ক উন্মোচন করা হয়।

সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজন

এরপর বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ, ফিশারিজ অনুষদ এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাচ, গানসহ নানা পরিবেশনায় মুখর হয়ে ওঠে অডিটোরিয়াম।

আয়োজনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র ও স্যুভেনিয়র বিতরণ। সবশেষে অ্যালামনাইদের অংশগ্রহণে স্মৃতিঘন ফটোসেশনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে সিভাসুর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. নূরুল হক, বহিরাঙ্গন বিভাগের পরিচালক এ. কে. এম. সাইফুদ্দীন, ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আহসানুল হক, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. রাশেদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, অ্যালামনাই ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সিভাসু দিবস-২০২৬ ও প্রথম বিশেষ প্রাক্তন শিক্ষার্থী সমাবেশ ঘিরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আবেগঘন মিলনমেলা, স্মৃতিচারণ এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য পরিবেশ তৈরি হয়। এ আয়োজন প্রাক্তন ও বর্তমান প্রজন্মের মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি সিভাসুর ঐতিহ্য, অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় তুলে ধরে।