গোল করতে না পারলেও ম্যাচের ভাগ্য গড়তে পারেন লিওনেল মেসি। আবারও সেটিই প্রমাণ করলেন। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে গোল না পেলেও দুটি দুর্দান্ত অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন তিনি। আর সেই পারফরম্যান্সই তাকে চলমান বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে কিলিয়ান এমবাপের চেয়ে এগিয়ে দিয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের দুই গোলেই অ্যাসিস্ট করেন মেসি। ফলে টুর্নামেন্টে তার গোলসংখ্যা ৮-এ থাকলেও অ্যাসিস্ট বেড়ে হয়েছে ৪টি।

অন্যদিকে, ফ্রান্সের কিলিয়ান এমবাপের গোলও ৮টি, তবে তার অ্যাসিস্ট ৩টি। ফিফার গোল্ডেন বুট নির্ধারণের নিয়ম অনুযায়ী, একাধিক খেলোয়াড়ের গোল সমান হলে প্রথমে বিবেচনা করা হয় অ্যাসিস্টের সংখ্যা। সেই হিসাবেই বর্তমানে এমবাপেকে ছাড়িয়ে শীর্ষে রয়েছেন মেসি।

যদি গোল এবং অ্যাসিস্ট দুই ক্ষেত্রেই সমতা থাকে, তাহলে যে খেলোয়াড় কম মিনিট মাঠে খেলেছেন, তাকেই বেশি কার্যকর বিবেচনা করে গোল্ডেন বুট দেওয়া হবে।

২৪ জুন ৩৯ বছরে পা রাখা মেসি এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত গোল করেছেন—

* আলজেরিয়ার বিপক্ষে ৩ গোল

* অস্ট্রিয়ার বিপক্ষে ২ গোল

* জর্ডানের বিপক্ষে ১ গোল

* শেষ ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে ১ গোল

* শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ১ গোল

কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে তিনি গোল না পেলেও দুই ম্যাচেই দলের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে দুটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন অধিনায়ক।

গোল্ডেন বুটের ভাগ্য নির্ধারিত হবে এই সপ্তাহান্তেই। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন এমবাপে। অন্যদিকে, রোববার স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামবেন মেসি।

তবে দৌড় থেকে পুরোপুরি ছিটকে যাননি ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইন, যাদের দুজনেরই গোল ৬টি। এছাড়া স্পেনের মিকেল ওয়ারজাবাল এবং ফ্রান্সের ওসমান দেম্বেলেও ৫ গোল নিয়ে এখনও লড়াইয়ে রয়েছেন।

এখন সব নজর রোববারের ফাইনালে। স্পেনের বিপক্ষে গোল কিংবা অ্যাসিস্ট যেকোনো একটিই মেসিকে শুধু বিশ্বকাপের চতুর্থ শিরোপার আরও কাছে নিয়ে যাবে না, গোল্ডেন বুট জয়ের সম্ভাবনাও আরও উজ্জ্বল করে তুলবে।

আরআর/আইএন