অনেকের ধারণা, বাড়ির বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার প্রধান কারণ এয়ার কন্ডিশনার (এসি)। বাস্তবে বিষয়টি পুরোপুরি সঠিক নয়। একটি এসি দীর্ঘ সময় চালানো হলে বিদ্যুৎ খরচ বেশি হয় ঠিকই, তবে বাড়ির এমন কয়েকটি বৈদ্যুতিক যন্ত্র রয়েছে, যেগুলোর পাওয়ার রেটিং (ওয়াট) একটি সাধারণ ১.৫ টন এসির চেয়েও বেশি।
অর্থাৎ, এসব যন্ত্র অল্প সময় ব্যবহার হলেও চালু থাকা অবস্থায় অনেক বেশি বিদ্যুৎ ব্যবহার করে। তাই এগুলোর ব্যবহার সম্পর্কে সচেতন থাকলে মাসিক বিদ্যুৎ বিল কিছুটা কমানো সম্ভব।
জেনে নিন এসি ছাড়া ঘরের কোন গ্যাজেটগুলো বেশি বিদ্যুৎ খরচ করে-
১. গিজার বা ওয়াটার হিটার
শীতকালে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহারকারী যন্ত্রগুলোর একটি হলো গিজার। বেশিরভাগ গিজারের ক্ষমতা প্রায় ৩ হাজার ওয়াট পর্যন্ত হয়। ফলে এক ঘণ্টা চালালে প্রায় ৩ ইউনিট বিদ্যুৎ খরচ হতে পারে। যদিও সাধারণত গিজার এত দীর্ঘ সময় চালানো হয় না, তবুও অপ্রয়োজনীয়ভাবে চালিয়ে রাখলে বিদ্যুৎ বিল দ্রুত বেড়ে যেতে পারে।
২. হেয়ার ড্রায়ার
ছোট আকারের হওয়ায় অনেকেই মনে করেন হেয়ার ড্রায়ার খুব কম বিদ্যুৎ ব্যবহার করে। কিন্তু বাস্তবে এর ক্ষমতা প্রায় ২ হাজার ২০০ ওয়াট পর্যন্ত হতে পারে। টানা এক ঘণ্টা চালানো হলে এটি প্রায় ২.২ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করবে। যদিও সাধারণত কয়েক মিনিটের বেশি ব্যবহার করা হয় না, তবুও এটি উচ্চক্ষমতার বৈদ্যুতিক যন্ত্র।
আরও পড়ুন
সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
৩. ইনডাকশন কুকার
দ্রুত রান্নার জন্য ইনডাকশন কুকটপ এখন অনেক বাড়িতেই ব্যবহৃত হচ্ছে। একটি সাধারণ ইনডাকশন কুকটপের ক্ষমতা প্রায় ২ হাজার ১০০ ওয়াট। অর্থাৎ, এক ঘণ্টা চালালে প্রায় ২.১ ইউনিট বিদ্যুৎ খরচ হতে পারে। তাই প্রয়োজন ছাড়া এটি চালু না রাখাই ভালো।
৪. ইলেকট্রিক কেটলি
চা, কফি বা গরম পানি তৈরিতে ব্যবহৃত ইলেকট্রিক কেটলিও কম বিদ্যুৎ খরচ করে না। বেশিরভাগ কেটলির ক্ষমতা ২ হাজার ২০০ ওয়াটের কাছাকাছি। তবে এটি সাধারণত কয়েক মিনিটের জন্য ব্যবহার করা হয়, তাই মাসিক বিদ্যুৎ বিলে এর প্রভাব তুলনামূলকভাবে কম দেখা যায়।
৫. মাইক্রোওয়েভ ওভেন
খাবার গরম বা রান্নার কাজে ব্যবহৃত মাইক্রোওয়েভ ওভেনের পাওয়ার রেটিংও বেশ বেশি। অনেক মডেলের ক্ষমতা ২ হাজার ১০০ ওয়াট পর্যন্ত হয়ে থাকে। এক ঘণ্টা চালালে এটি প্রায় ২.১ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করতে পারে। তবে বাস্তবে এটি খুব অল্প সময়ের জন্য ব্যবহার করা হয় বলেই মোট খরচ সীমিত থাকে।
কেন এসির বিল বেশি মনে হয়?
এসির পাওয়ার রেটিং অনেক সময় উপরের যন্ত্রগুলোর চেয়ে কম হলেও এটি টানা ৬ থেকে ১২ ঘণ্টা বা তারও বেশি সময় চলতে পারে। ফলে দিনের শেষে মোট বিদ্যুৎ খরচ বেড়ে যায়। অন্যদিকে গিজার, কেটলি বা হেয়ার ড্রায়ারের মতো যন্ত্রগুলো উচ্চক্ষমতার হলেও সাধারণত অল্প সময়ের জন্য চালানো হয়।
আরও পড়ুন
ইনডাকশনে রান্না করার সময় ডিসপ্লেতে ই০-ই৩ লেখা যা ইঙ্গিত করে
বিদ্যুৎ বিল কমানোর সহজ উপায়
- প্রয়োজন শেষ হলে সঙ্গে সঙ্গে যন্ত্র বন্ধ করুন।
- গিজার বা ইনডাকশন কুকটপ অযথা চালিয়ে রাখবেন না।
- ইলেকট্রিক কেটলিতে যতটুকু পানি দরকার, ততটুকুই গরম করুন।
- মাইক্রোওয়েভ ও হেয়ার ড্রায়ার অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় ব্যবহার এড়িয়ে চলুন।
- উচ্চক্ষমতার যন্ত্র ব্যবহারে সচেতন হলে মাসিক বিদ্যুৎ বিল কমানো অনেকটাই সহজ হবে।
কেএসকে








