দুপুর থেকেই থেমে থেমে ঝরছে বৃষ্টি। এর মধ্যেই আজ বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে জড়ো হয়েছে হাজারো মানুষ। বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে বাজানো হয় জাতীয় সংগীত। এরপর এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদ ও তাঁর দলের গান পরিবেশনের মধ্য দিয়ে কনসার্ট শুরু হয়।

জুলাই গণ-অভ্যুত্থানে বিজয়ের দিন উদ্‌যাপনের লক্ষ্যে এই কনসার্টের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংশ্লিষ্ট মুনসুন কালচারাল অ্যালায়েন্স। কনসার্টে গানে অংশ নিচ্ছেন পারসা মাহজাবীন, সেজান, কুঁড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেলের মতো ব্যান্ডদল।

বর্ষা বিপ্লবের গানে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বিশেষ অতিথি হুইপ নূর-ই-আলম ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে।