ময়মনসিংহে বহুতল ভবনে আগুন লেগে ধোঁয়ায় দমবন্ধ হয়ে ময়মুনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে নগরীর গাঙ্গিনারপাড় এলাকার রামবাবু রোডের নুরজাহান ভিলায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা ময়মুনা বেগম জেলার মুক্তাগাছা উপজেলার খিলবাড়ি গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন বলেন, সকাল ১০টার দিকে নুরজাহান ভিলার নিচ তলার সিঁড়ির নিচে আগুন লাগে। এ সময় ময়মুনা বেগম ভবনের চতুর্থ তলায় অতিরিক্ত ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে লুটিয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, নুরজাহান ভিলার নিচতলায় সিঁড়ির নিচে একটি মোটরসাইকেলে আগুন লাগে। দ্রুতই আগুন ওপর তলায় ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে ভবনে থাকা সবাই পঞ্চম তলায় উঠে যায়। তবে বৃদ্ধা ময়মুনা চতুর্থ তলায় উঠতেই ধোঁয়ায় দমবন্ধ হয়ে লুটিয়ে পড়েন। এ ঘটনায় দুটি মোটরসাইকেল পুড়ে গেছে।

অভিযোগ উঠেছে, নুরজাহান ভিলায় আগে থেকেই বিদ্যুৎ সংযোগে ত্রুটি ছিল। ভবনে থাকা লোকজন বিদ্যুৎ বিভাগে লিখিত ও মৌখিক অভিযোগও দিয়েছেন। কিন্তু বিদ্যুৎ বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি। তাই আজ এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে দাবি স্থানীয়দের।

তবে অভিযোগ অস্বীকার করে ময়মনসিংহ দক্ষিণ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সুব্রত রায় বলেন, ওই ভবন থেকে এমন কোনো অভিযোগ পাইনি। অতিরিক্ত লোডের কারণে মিটারে আগুন লেগে ঘটনাটি ঘটতে পারে।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাফায়েত হোসেন বলেন, অগ্নিকাণ্ডে এক বৃদ্ধা মারা গেছেন। তাঁর মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।