যুদ্ধবিরতির পরও গাজায় হামলা চলছেই। এতে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, রোববার গাজায় ইসরাইলি হামলায় ৯ বছর বয়সি এক শিশুকন্যাসহ অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত এবং আরও এক ডজনেরও বেশি আহত হয়েছেন। শিফা হাসপাতালের কর্মকর্তারা জানান, গাজা শহরের সাবরা এলাকার একটি কামারের দোকানে ড্রোন হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতদের ওই হাসপাতালেই নিয়ে যাওয়া হয়।

বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী এলাকাটিতে হামলা চালানোর কথা স্বীকার করেছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স পরিষেবা জানায়, গাজায় এ হামলায় ১৪ জন আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, রোববার মধ্য গাজার একটি বাস্তুচ্যুত শিবিরে ইসরাইলি গুলিতে ৯ বছরের তালা আবু মাতার নিহত হয়। তবে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা এ ধরনের কোনো ঘটনা সম্পর্কে অবগত নয়। নাসের হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, দক্ষিণ গাজার খান ইউনিসে একটি বাস্তুচ্যুত তাঁবুতে ইসরাইলি হামলায় একজন ফিলিস্তিনি নিহত হন।

গাজায় ইসরাইলের চালানো নৃশংস যুদ্ধ এরই মধ্যে এক হাজার দিন অতিক্রম করেছে। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতি চুক্তি সত্ত্বেও ইসরাইল এসব হামলা চালিয়ে যাচ্ছে। বিশ্বের মনোযোগ যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্বের দিকে সরে যাওয়ায় ও আঞ্চলিক শক্তিগুলো হাত গুটিয়ে নেওয়ায় গাজার শান্তি পরিকল্পনা এখন গভীর অনিশ্চয়তা ও বিশৃঙ্খলার মধ্যে পড়েছে।