গাজীপুরে বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ ছাড়াই পোলট্রি ও ফিশ ফিড উৎপাদন এবং বিক্রয়-বিতরণের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। বিএসটিআই গাজীপুরের সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান জানান, সোমবার এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার কৃষিপণ্য ফিডস লিমিটেডের বিরুদ্ধে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ ছাড়া পোলট্রি ও ফিশ ফিড বিক্রয়-বিতরণের প্রমাণ পাওয়ায় ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

একই অভিযানে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকায় অবস্থিত জাপফা কমফিড বাংলাদেশ পিইটি লিমিটেডের বিরুদ্ধে প্রয়োজনীয় সিএম লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ ছাড়া পোলট্রি ফিড বিক্রয়-বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।