গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বর থেকে তেহরানে আটক থাকা এক মার্কিন নারীকে মুক্তি দিয়েছে ইরান। তবে, ওই নারী নাম পরিচয় প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
বুধবার (১৫ জুলাই) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি এখন নিরাপদে ইরানের বাইরে রয়েছেন এবং সুস্থ আছেন। তবে, ওই নারীর পরিচয় প্রকাশ করেননি ট্রাম্প।
ট্রাম্প আরও বলেন, এই সদিচ্ছাপূর্ণ পদক্ষেপের জন্য ইরানকে ধন্যবাদ জানায় যুক্তরাষ্ট্র।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা আরও সম্প্রসারণের মধ্যেই এই মুক্তির তথ্য সামনে এসেছে। অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা প্রশমনে ইরান এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।
গত বছরের আগস্টে দ্য নিউইয়র্ক টাইমসের তথ্য মতে, ইরান-মার্কিন দ্বৈত নাগরিক এক নারীকে ২০২৪ সালের ডিসেম্বরে ইরানে আটক করা হয়েছিল। ওই নারী একটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই সঙ্গে ইরানে শিশুদের জন্য একটি দাতব্য সংস্থা পরিচালনা করতেন।
পরবর্তীতে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হলেও ইরানি কর্তৃপক্ষ তার পাসপোর্ট জব্দ করে এবং দেশ ছাড়তে বাধা দেয়। পরে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।
কেএম








