রুশ নিয়ন্ত্রিত ঝাপোরঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আলেকজান্ডার ইয়াকোভলেভ নিহত হয়েছেন। তার নিহতের ঘটনাকে পারমাণবিক স্থাপনার নিরাপত্তার নীতির লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের কর্তৃপক্ষ। এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান কেন্দ্রটির কর্মীরা।

এর আগে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসআটম-এর প্রধান আলেক্সেই লিখাচেভ জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ইউক্রেনের একটি ড্রোন প্রতিষ্ঠানটির একটি গাড়িতে আঘাত হানে। এতে প্রধান প্রকৌশলী আলেকজান্ডার ইয়াকোভলেভ এবং গাড়িচালক নিহত হন।

তবে, এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন কর্তৃপক্ষ।
জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, একজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা এমন একটি অপরাধ, যার কোনো যৌক্তিকতা নেই। এটি শুধু একজন মানুষের জীবনের ওপর আঘাত নয় বরং পারমাণবিক স্থাপনার নিরাপত্তার সেই মৌলিক নীতির ওপরও আঘাত। এ বিষয়টি সবসময় রাজনীতি ও সহিংসতার ঊর্ধ্বে থাকা উচিত।

এছাড়া, কেন্দ্রটির সব কর্মী ও এনারহোদার শহরের বাসিন্দাদের একে অপরের পাশে থাকার, নিজেদের দায়িত্বের প্রতি অটল থাকার এবং বিদ্যুৎকেন্দ্র, শহর ও মানুষের নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: তাস

কেএম