চাঁদপুরের হাজীগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সহোদরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকায়। রোববার মাছ ব্যবসায়ী শাহিন (৪৫) মারা যান। জোহরের নামাজের পর তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বড় ভাইকে দাফনের পর একই দিন রাত ১০টা ৫০ মিনিটে মারা যান তার ছোট ভাই আলমগীর হোসেন (৪০)। পরিবার সূত্রে জানা যায়, আলমগীর দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাড়িতে আনা হয়। সেদিন রাতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন জনি চৌধুরী বলেন, একই দিনে দুই সহোদরের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। ওসি আবদুল মান্নান দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।