দেশে হামের উপসর্গে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯২২ এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪৭ জনের। সব মিলিয়ে হামের নতুন রোগী এক হাজার ৬৯ জন। এই নিয়ে সরকারি হিসাবে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে ৭৯৩ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। বাকি ৬৯৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। আর এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট আক্রান্ত হয়েছে এক লাখ ৩৩ হাজার ১৪৮ শিশু। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৫ মার্চ থেকে ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে এক লাখ ১৮ হাজার ৫৭০ শিশু। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১৪ হাজার ৫৭৮ শিশু। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ এক হাজার ২৬ শিশু। হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৭ হাজার ৫৩২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ মারা যাওয়া ৫ শিশুর মধ্যে সিলেট বিভাগের ৩ জন, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একজন করে রয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৫৮ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৯০ জন। এই সময়ে চট্টগ্রাম বিভাগে ৩২, ময়মনসিংহে ১১, বরিশালে ৯, রংপুর ৩ এবং সিলেট ও খুলনায় ১ জন করে হামে আক্রান্ত হয়েছে।

এ ছাড়া এই সময়ে ৮৮৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১১টি শিশু।