স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগে সামাজিক ও রাজনৈতিকসহ বিভিন্ন হস্তক্ষেপের কারণে ধর্ষণের শিকার মামলা করতে থানায় যেত না বা যেতে পারত না। এখন থানায় গেলেই মামলা রেকর্ড করা হয়, অনলাইনে জিডি, এফআইআর করতে পারে। এখানে কোনো হস্তক্ষেপ নেই। এ কারণে ধর্ষণের মামলা বেড়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি মঞ্জুরি ও ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
এর আগে স্বতন্ত্র সংসদ-সদস্য রুমিন ফারহানা ছাঁটাই প্রস্তাব দিয়ে বক্তব্য দেন। তিনি গণমাধ্যমের খবর উদ্ধৃতি করে গত এপ্রিল ও মার্চ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, ‘পুরো বাজেটের সবটাই যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হয় বা এই মন্ত্রণালয় বরাদ্দ দেওয়া হয় তারপরেও কতটুকু উন্নয়ন হবে তা আমরা জানি না। তারপরও স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন সারা দেশ মুগ্ধ হয়ে শুনে। আমি একজন আইনের শিক্ষার্থী আমিও উনার ডিবেট মুগ্ধ হয়ে শুনি। কিন্তু উনার এ মুগ্ধতা যদি উনি উনার মন্ত্রণালয়ে ছড়িয়ে দিতে পারতেন এবং তার মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে, তাহলে এটি ছাঁটাই করে এক টাকা করার প্রস্তাব আমি রাখতাম না।’
পরে জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগেও তিনি সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়টি ডাটাসহ তুলে ধরেছেন। খুনের চিত্র, ধর্ষণের চিত্র, নারী ও শিশু নির্যাতনের চিত্র, ডাকাতির সংখ্যা মাসওয়ারী দিয়েছিলেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার দায়িত্বে আসার পর থেকে এ পর্যন্ত সব ডাটায় আমরা ঐতিহাসিকভাবে এগিয়ে আছি, উন্নত আছি। তবে ডাটায় একটা ক্ষেত্রে পিছিয়ে আছি। ধর্ষণের কেস রেকর্ডের ক্ষেত্রে। আমরা একটু বেশি ধর্ষণের চিত্রটা পেয়েছি।’




