ফরিদপুরের সালথায় প্রবাসী স্বামীর পাঠানো অর্থ ‘বেহিসাবি’ খরচ করার অভিযোগে গৃহবধূ রমিজা সুলতানাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে স্বামীর বাড়ি সালথার বিভাগদি থেকে তাকে গ্রেফতার করা হয়। রমিজা জেলার মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রামের ইয়াসিন মোল্লার মেয়ে। তিনি দুই সন্তানের জননী। ভুক্তভোগী স্বামী আব্দুল জব্বার সালথা উপজেলার বিভাগদি গ্রামের আকমল মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালথার আটঘর ইউনিয়নের আব্দুল জব্বার দীর্ঘ ৬ বছর ধরে বিদেশে অবস্থান করছেন। পরিবারের ভরণপোষণ ও ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি স্ত্রী রমিজার ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ে নিয়মিত অর্থ পাঠাতেন। অভিযোগ উঠেছে, ওই অর্থের একটি বড় অংশ বেহিসাবি খরচ করেছে অভিযুক্ত গৃহবধূ। এছাড়া তার বিরুদ্ধে অন্য এক ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে।
সম্প্রতি স্বামী দেশে ফিরে পরিবারের সদস্যদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে প্রাথমিকভাবে অর্থ আত্মসাৎ ও প্রতারণার বিষয়টি জানার পর রমিজাকে গ্রেফতার করা হয়।




