নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে দেশের সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। রোববার (৫ জুলাই) সকাল থেকে বৈরী আবহাওয়া ও মেঘনা নদী উত্তাল থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই দুই পারের যাত্রীরা নলচিরা ও চেয়ারম্যান ঘাটে এসে চরম দুর্ভোগের মধ্যে অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু নদী অত্যন্ত উত্তাল থাকায় এ নৌপথের সি-ট্রাক, স্পিডবোট, ফেরি কিংবা যাত্রীবাহী ট্রলার—কোনোটিই ঘাট থেকে ছেড়ে যায়নি।

ফেরি ‌‘মহানন্দা’র মাস্টার তোফাজ্জল হোসেন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বর্তমানে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি রয়েছে। এ কারণে কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল শুরু করা সম্ভব হবে না।

হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার ভোর থেকেই নদী প্রচণ্ড উত্তাল রয়েছে। জোয়ারের উচ্চতাও স্বাভাবিকের চেয়ে বেশ বৃদ্ধি পেয়েছে। যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে হাতিয়া-চেয়ারম্যানঘাট ও নলচিরা-ঘাট নৌপথে চলাচলকারী সব ধরনের সরকারি-বেসরকারি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

ইকবাল হোসেন মজনু/কেএইচকে/এএসএম