বৃষ্টির দিনে ছোট ছোট গাছপালা, বিশেষ করে ঘরের সৌন্দর্যবর্ধনশীল ইনডোর প্ল্যান্টগুলোর একটু যত্ন বেশি নিতে হবে।
পর্যাপ্ত আলোর ব্যবস্থা : বর্ষায় সাধারণত দিনভর মেঘে ঢেকে থাকে নীলাকাশ। এতে করে গাছের ফটোসিনথেসিস প্রক্রিয়াতেও বিঘ্ন ঘটে। সে ক্ষেত্রে ন্যূনতম সূর্যের আলোপ্রাপ্তির জন্য ইনডোর প্ল্যান্টগুলো যথাসম্ভব ঘরের জানালা বা বারান্দায় সরিয়ে নেওয়া উচিত।
পানি : বর্ষায় সাধারণত বাতাসে অতিরিক্ত আর্দ্রতাশূন্য থাকায় সহজে পানি শুকায় না। এতে করে ইনডোর প্ল্যান্টের গোড়া পচে যায়। সে ক্ষেত্রে প্রতিদিন সকাল-বিকাল যথাযথ পদ্ধতিতে মাটি পরীক্ষা করে পানি দেওয়া প্রয়োজন।
পাতার উপরিভাগের পরিছন্নতা : এ সময় বাতাসে প্রচুর ধুলাবালি থাকে; যা প্রকৃতির গাছপালা থেকে শুরু করে মানুষের শরীরে পর্যন্ত জমাট বাঁধে। তাই অন্তত ২-৩ দিন পরপর হলেও ইনডোর প্ল্যান্টের পাতাগুলো ভেজা কাপড় দিয়ে মুছে দেওয়া প্রয়োজন; যাতে পাতাগুলো অক্সিজেন এবং কার্বনডাই অক্সাইড গ্রহণ এবং বর্জনে সহজ হয়।
ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ : অনেক সময় ইনডোর প্ল্যান্টের গায়ে ছত্রাক এবং পোকামাকড় আক্রমণ করে। যদি কখনো গাছের গায়ে কালচে দাগ বা মাটির উপরিভাগে আবরণ বা ছোট ছোট পোকা দেখা যায়, তখন দ্রুতই প্রতিকারের ব্যবস্থা নিতে হবে।
টব : ইনডোর প্ল্যান্ট যেহেতু বেশি পানি সহ্য করতে পারে না, সেহেতু টবের মধ্যে গাছ রাখতে অবশ্যই পানি নিষ্কাশনের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। বিশেষ করে, বর্ষাকালে এটি গুরুত্বপূর্ণ। সেজন্য চাইলে টবের নিচের অংশে বা পাশে ছিদ্র রাখা ভালো।








