বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগেই অস্বস্তিকর পরিস্থিতি পানামা শিবিরে। অনুশীলনের সময় দুই খেলোয়াড়ের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সতীর্থদের হস্তক্ষেপ করতে হয়।

ফরোয়ার্ড সেসিলিও ওয়াটারম্যান ও হোসে লুইস রদ্রিগেস অনুশীলনের একটি মুহূর্তে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভিডিওতে দেখা যায়, উত্তেজিত হয়ে দুইজন একে অপরকে ধাক্কা দিচ্ছেন। পরে সতীর্থরা দ্রুত তাদের আলাদা করে পরিস্থিতি শান্ত করেন।

তবে ঘটনাটিকে নেতিবাচকভাবে দেখছেন না পানামার প্রধান কোচ থমাস ক্রিস্টিয়ানসেন। তার ভাষায়, 'এটি ফুটবলের স্বাভাবিক ঘটনা। বরং আমি এমন প্রতিদ্বন্দ্বিতা আরও বেশি দেখতে চাই। এর অর্থ, খেলোয়াড়রা প্রথম একাদশে জায়গা পেতে লড়াই করছে এবং দল এখনও জীবন্ত আছে।'

এবারের বিশ্বকাপে পানামার যাত্রা ইতোমধ্যেই শেষ। ঘানা ও ক্রোয়েশিয়ার বিপক্ষে টানা ১-০ ব্যবধানে হেরে তারা নকআউটের আশা হারিয়েছে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য শুধুই সম্মান রক্ষার লড়াই।

অন্যদিকে হ্যারি কেইন, জুড বেলিংহাম, বুকায়ো সাকাদের ইংল্যান্ডের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় পেলে তারা গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে উঠবে।

পানামা শিবিরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তাই ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে। এখন দেখার বিষয়, অনুশীলনের উত্তাপ মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলে, নাকি কোচের প্রত্যাশামতো সেটিই দলকে শেষ ম্যাচে বাড়তি লড়াইয়ের শক্তি জোগায়।

টিটিটি/এমএমআর/এএসএম